
বেগম জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার কথা উল্লেখ করেন।
শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।
তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার মৃত্যু দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় এবং বিএনপির নেতৃত্বে একটি বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
শেখ হাসিনা তার শোকবার্তায় প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আমি মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তার শেষাংশে শেখ হাসিনা বলেন, আমি আশা করি, মহান আল্লাহ খালেদা জিয়ার পরিবার-পরিজন এবং বিএনপির নেতাকর্মীদের এই গভীর শোক ও বেদনা কাটিয়ে ওঠার শক্তি দান করবেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন মহল থেকে শোক ও শ্রদ্ধা জানানো হচ্ছে।
সূত্র: জনবাণী