
শরীয়তপুর নড়িয়ায় চাকদ বাজারে বিএনপি ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকদ বাজারে বিএনপি ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ২২ ফেব্রুয়ারি আনুমানিক রাত ৯ ঘটিকার সময় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানপাট ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় ২টি ককটেল এর মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং অপর একটি ককটেল অক্ষত অবস্থায় উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ।
ঘটনার পরপরই নড়িয়া থানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা আশপাশের এলাকা ঘিরে রাখেন এবং আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে বিস্ফোরণের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভূমকাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল পেদা জানান, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।