
নড়িয়ায় জমি দখলের অভিযোগ, সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন।
এম এ জব্বার – সংবাদের পাতা:
নড়িয়া উপজেলার চর মোহন এলাকায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাসান আলী আকন (৫৮) সহকারী কমিশনার (ভূমি), নড়িয়া বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চর মোহন মৌজার এস.এ ৬৫৭, বি.আর.এস ১৬৫ ও ৩৩৯ নং খতিয়ানের ২৩৪৫ ও ২৩৪৬ নং দাগে মোট ১ একর ২২ শতাংশ জমির মধ্যে ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন একই এলাকার আমিনুল ইসলাম বাচ্চু হাওলাদার গংরা। এ জমি নিয়ে পূর্ব থেকেই উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হলেও বিবাদীরা তা মানেননি। সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া নির্মাণ এবং ঘর তৈরির পাঁয়তারা করেন।
এঘটনায় ভুক্তভোগী তপন মাহমুদ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নড়িয়া উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে থাকেন।
এ সময় বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পুনরায় বাধা দিলে খুন-জখমের আশঙ্কা রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া লিখিত আবেদনে ভুক্তভোগী তার জমি সঠিকভাবে মাপজোক করে বুঝিয়ে দেওয়া এবং বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্তদের সব ধরনের নির্মাণ কাজ বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।