নড়িয়া পৌরসভা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত।
এম এ জব্বার - সংবাদের পাতা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশক্রমে এবং শরীয়তপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণের প্রচেষ্টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮মার্চ) সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এই কার্যক্রমে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থান, ড্রেন ও জনসমাগমপূর্ণ এলাকা পরিষ্কার করা হয়। দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে এলাকার পরিবেশকে স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সবাই একযোগে কাজ করে নড়িয়া পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
এছাড়াও বক্তারা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তার নেতৃত্বে নড়িয়া উপজেলার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্যোক্তারা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিচ্ছন্ন নড়িয়া গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।