
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে স্থানীয় লোকজন জোয়ারের পানিতে ভেসে আসা একটি ব্লকের সঙ্গে আটকে থাকা সাদা রঙের একটি পলিব্যাগ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দ্রুত নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পরে পলিব্যাগটি খুলে পুলিশ দেখতে পায়, সেখানে অজ্ঞাত ব্যক্তির দুটি হাতের কব্জি এবং দুটি পায়ের হাঁটুর অংশ পলিব্যাগে রয়েছে। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পাশাপাশি পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরিদপুর টিমকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কীভাবে এসব অঙ্গ নদীতে এলো এবং এর পেছনে কোনো হত্যাকাণ্ড রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।