
নড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নড়িয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চলাকালে পাঁচক এলাকার একটি মুদি দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সিয়াম সরদার (২২), পিতা: ইদ্রিস সরদার, সাং- চাঁদসার, থানা-পালং, জেলা-শরীয়তপুর এবং আশিক মোল্লা (১৯), পিতা: মৃত রুহুল আমিন মোল্লা, সাং- পাঁচক, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর।
তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।