
শরীয়তপুরের নড়িয়ায় তিনজন কোরআনের হাফেজকে সংবর্ধনা।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় তিন নবীন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পন্ডিতসার তাহসিনুল কুরআন কওমী মাদ্রাসার সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের সদস্য সুজন লাকুরিয়া। এসময় নবীন হাফেজ মো. মিদুল হাওলাদার, মো. জুবায়ের সরদার ও মো. আবদুল্লাহ তালুকদারকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা কোরআনের হাফেজদের মর্যাদা ও ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।