
জামালপুরে আ.লীগ নেতা ও আইনজীবীর কার্যালয়ে যৌথ অভিযান, অস্ত্র-ককটেল-গুলি উদ্ধার।
এমদাদুল হক - সংবাদের পাতা:
জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় আওয়ামী লীগ নেতা ও আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত কার্যালয়ে যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল, গুলি, দাহ্য পদার্থ ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা মনোয়ারা আলী সুপার মার্কেটে অবস্থিত ওই কার্যালয়ে অভিযান চালায়।
পুলিশ জানায়, কার্যালয়টি তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে দুটি দেশীয় বন্দুক (পাইপগান), ৬টি ককটেল, ৪ রাউন্ড ৯ মিলিমিটার পিস্তলের গুলি, ৪ রাউন্ড শর্টগানের গুলি, ৬টি শকওভার, ২ বোতল পেট্রোল, ৬ বোতল বিদেশি মদ ও একটি খালি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব আলামত জব্দ করা হয়েছে।
অভিযুক্ত মোহাম্মদ কামরুল হাসান মনির দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী হিসেবে পরিচিত।
জামালপুর সদর থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অস্ত্রগুলোর উৎস ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।