
পদ্মার নাব্যতা সংকট নিরসনে ডুবোচর অপসারণ ও নদীপাড়ে সড়ক নির্মাণের দাবি, কর্মসূচির হুঁশিয়ারি।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের পদ্মা নদীর নাব্যতা সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। জাজিরার মাঝিরঘাট পদ্মা সেতু পয়েন্ট থেকে নড়িয়া হয়ে সুরেশ্বর পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে ডুবোচর জেগে ওঠায় নৌচলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হওয়ায় ইলিশসহ দেশীয় মাছের বিচরণ ও আহরণ কমে গেছে। এতে জেলে, নৌযান চালক এবং নদীপাড়ের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, নড়িয়ার হাজার হাজার মানুষের কাঙ্ক্ষিত পদ্মা বেড়িবাঁধ রক্ষায় দ্রুত ডুবোচর অপসারণ করে নদীর গভীরতা বৃদ্ধি এবং নদীর মাঝপথে স্বাভাবিক স্রোত প্রবাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নড়িয়া থেকে সুরেশ্বর পর্যন্ত নদীর পাড়ঘেঁষে দুই লেনের সড়ক নির্মাণের দাবি জানান তারা।
দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ নদীপাড়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।