
ডেস্ক রিপোর্টঃ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নরওয়ে শিবিরে ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। দলের কয়েকজন ফুটবলার অসুস্থ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ স্টালে সোলবাক্কেন।
তিনি জানান, দলের মধ্যে কিছুটা অসুস্থতা ছড়িয়ে পড়েছে। তবে মিয়ামিতে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই খেলোয়াড়রা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।
নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ডাগব্লাডেট জানিয়েছে, অসুস্থদের তালিকায় রয়েছেন স্ট্রাইকার ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন। অসুস্থতার কারণে তিনি দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি। একই কারণে ডিফেন্ডার মার্কুস হোমগ্রেন পেডারসেনও ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারেননি।
তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছেন না সোলবাক্কেন। তাঁর ভাষ্য, কয়েকজন খেলোয়াড় এখনো পুরোপুরি সুস্থ নন, তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।
তিনি আরও বলেন, এটি গুরুতর কোনো সমস্যা নয়। কারও হালকা কাশি, আবার কারও গলা বসে যাওয়ার মতো উপসর্গ রয়েছে। এয়ার কন্ডিশনের ব্যবহার, দীর্ঘ বিমান ভ্রমণ ও ড্রেসিংরুমে একসঙ্গে থাকার কারণে এমনটা হতেই পারে। ৫০ জনের বেশি সদস্যের একটি দলে সামান্য অসুস্থতা থাকাটা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
এবারের বিশ্বকাপে নরওয়ের পারফরম্যান্স দেশটির ফুটবলপ্রেমীদের উচ্ছ্বসিত করেছে। টুর্নামেন্ট শুরুর আগে অনেক বিশেষজ্ঞের প্রত্যাশার চেয়েও ভালো খেলছে দলটি। শেষ ষোলোয় ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।
ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। এই দুই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত। হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে খেলার সুযোগ পেয়েছে নরওয়ে।
সূএঃ বাসস