
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান কলেজ প্রাঙ্গণে অর্জুন ও নিম গাছের দুটি চারা রোপণ করেন। পরে সেখানে সূরা ফাতিহা পাঠ করা হয় এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বি. জে. মীর সরোয়ার শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল নির্মাণ প্রকল্পের অগ্রগতি প্রধানমন্ত্রীকে তুলে ধরেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের দুটি ছাত্রী হোস্টেল নির্মাণের পরিকল্পনাও উপস্থাপন করা হয়।
প্রধানমন্ত্রী নির্মাণাধীন হোস্টেলগুলোতে শিক্ষার্থীদের আবাসন ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
১৯৪৬ সালের ১১ জুলাই তৎকালীন সচিবালয় ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়। সেই স্মরণীয় দিনটি প্রতিবছর ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপিত হয়ে আসছে। এ বছর প্রতিষ্ঠানটি ৮০ বছর পূর্তি উদযাপন করছে এবং ৮১তম বছরে পদার্পণ করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুণ আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
সূএঃ বাসস