
ডেস্ক রিপোর্টঃ
দেশজুড়ে কয়েক দিনের টানা বৃষ্টির মধ্যে নতুন করে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রোববার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
অবিরাম বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অতিভারী বর্ষণের ফলে দেশের অন্তত ১২ জেলার বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
বর্তমানে বান্দরবান ও দোহাজারী এলাকায় সাঙ্গু নদী, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী দুই দিনে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
তবে একই সময়ে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু ও খোয়াই নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সূএঃ যুগান্তর