
বেনজির ও হাদী হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে আশাবাদী সরকার
ডেস্ক রিপোর্টঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেপ্তার তিন সন্দেহভাজনকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা করছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, দুই দেশ থেকেই অভিযুক্তদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আইনি বিধান অনুসারে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
মন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর ইউএই কর্তৃপক্ষ বেনজির আহমেদকে আটক করে। যদিও নথিপত্র জমা দেওয়ার জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছিল, তবে ইউএইর অনুরোধে বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠিয়ে দেয়।
তিনি আরও জানান, হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের প্রত্যর্পণের আবেদনও ভারতের কাছে পাঠানো হয়েছে। তারা বর্তমানে ভারতে বিচারাধীন থাকলেও বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় বিচার প্রক্রিয়া চলাকালেও তাদের বাংলাদেশে হস্তান্তর করা সম্ভব।
সূএঃ বাসস