
ডেস্ক রিপোর্টঃ
মালয়েশিয়ার পাহাং রাজ্যে পরিচালিত এক যৌথ অভিযানে ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। আটক ব্যক্তিদের অধিকাংশই বাংলাদেশি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে হাবু এলাকার একটি নির্মাণাধীন মিশ্র ভবন প্রকল্পে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনহীন বিদেশি কর্মী নিয়োগের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পাহাং অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানের সময় ১৪৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। যাচাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক, দুজন নেপালি এবং একজন মিয়ানমারের নাগরিক। আটক ব্যক্তিদের মধ্যে ১০৭ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।
অভিবাসন বিভাগ জানিয়েছে, বৈধ ভ্রমণ নথি ছাড়া অবস্থান, নির্ধারিত সময়ের বেশি দেশে থাকা এবং অভিবাসন বিধিমালা লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের অভিযোগে ৬১ জন, নির্ধারিত সময় অতিক্রম করে থাকার অভিযোগে ২৬ জন এবং অন্যান্য অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে বাকি ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আটকদের পরবর্তী তদন্তের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযানে পাহাং অভিবাসন বিভাগ, স্টেট এনফোর্সমেন্ট ইউনিট এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ নেন।
সূএঃ যুগান্তর