
ডেস্ক রিপোর্টঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চলমান ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ না করে সরকারের উচিত দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করা। অন্যথায় এ আন্দোলন সরকারের জন্য বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার বগুড়া মহানগরীর নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই আন্দোলনের শহীদ রাতুল, সিয়াম শুভ ও শিমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ কিংবা গ্রেফতারের মতো পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অহংকার ও অনড় অবস্থান পরিহার করে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা উচিত।
তিনি আরও বলেন, বর্তমান আন্দোলনকে ছোট করে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, ২০১৮ কিংবা ২০২৪ সালের আন্দোলনের মতো এবারও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মাঠে নেমেছে। শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের পেছনের কারণগুলো খতিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতা থাকলে তার দায়ও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, কূটনৈতিক দুর্বলতার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হচ্ছে না। ক্ষমতায় গেলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও সংস্কার প্রশ্নে সরকার ও বিএনপির অবস্থান নিয়ে তাদের আপত্তি রয়েছে। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক কোনো অবস্থান গ্রহণ করলে তা রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
সূএঃ যুগান্তর