
ডেস্ক রিপোর্টঃ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও অস্থায়ী বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সূত্রঃ যুগান্তর