
ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আয়োজিত ‘মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনা পুরো জাতিকে শোকের সাগরে নিমজ্জিত করেছে। তবে এই শোককে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি আহতদের অদম্য সাহস ও মানসিক দৃঢ়তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
নিহতদের স্মরণ করে ডা. জুবাইদা বলেন, এই দুর্ঘটনা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ভয়াবহ সেই অভিজ্ঞতার পরও তারা যেভাবে দৃঢ় মনোবল নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছেন, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও চিকিৎসকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। পরে আহত ব্যক্তি ও নিহতদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুলে সংঘটিত দুর্ঘটনাটি দেশের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। তিনি জানান, ওই সংকটময় সময়ে সিঙ্গাপুর, ভারত, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সহযোগিতা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শাওন বিন রহমান।
সূত্রঃ যুগান্তর