
শরীয়তপুর প্রতিনিধিঃ
আগামী অক্টোবর মাস থেকে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, আগামী আগস্ট মাসেই ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল। আর এই নির্বাচনের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট দিয়ে শুরু হতে পারে বিশাল এই কর্মযজ্ঞ। নির্বাচনের হাওয়া বইতে শুরু করতেই শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় ও আলোচনায় এগিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী লোকমান হোসাইন।
সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (অন্তত স্নাতক) নিশ্চিত করার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। ইউপি আইনের ২৬ ধারার অধীনে কেন এই যোগ্যতা বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষা ও যোগ্যতার এই মানদণ্ডেও নড়িয়ার ঘরিসার ইউনিয়নে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন আইনজীবী লোকমান হোসাইন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী লোকমান হোসাইন ২০০৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং ২০০৯ সালে ঢাকা মিরপুর কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ২০১৩ সালের ফল সেমিস্টারে কৃতিত্বের সাথে এলএল.বি (অনার্স) এবং ২০২২ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি ২০১৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০২২ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অনুমতি পান। পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি সামাজিক ও সমিতিভিত্তিক নেতৃত্বেও সক্রিয়। তিনি ২০২৫-২৬ মেয়াদে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ২০২৬-২৭ মেয়াদে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আইনজীবী লোকমান হোসাইনের মতো উচ্চশিক্ষিত ও মার্জিত ব্যক্তিত্ব স্থানীয় রাজনীতিতে এলে ইউনিয়নের চিত্র বদলে যাবে। স্থানীয় এক প্রবীণ বলেন, "তার মতো সৎ ও শিক্ষিত মানুষ পরিষদের দায়িত্বে আসলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা চাই জুয়া ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন গড়তে তিনি যেন নির্বাচনে অংশ নেন।"
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আইনজীবী লোকমান হোসাইন বলেন, "ঘরিসার ইউনিয়নের আপামর জনগণ ও সাধারণ মানুষ যদি চান, তবে আমি অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ব্যক্তি হিসেবে আমার নিজস্ব কোনো চাওয়া-পাওয়া নেই। জনগণ আমাকে নির্বাচিত করলে এই ইউনিয়নকে জুয়া ও মাদকমুক্ত একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।"
তফসিল ঘোষণার আগেই এলাকা জুড়ে আইনজীবী লোকমান হোসাইনকে ঘিরে সাধারণ মানুষের এই উৎসাহ-উদ্দীপনা ঘরিসার ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন মেরুকরণের আভাস দিচ্ছে।