
ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো এলাকায় একটি সামরিক ঘাঁটির কাছে মেরিন কোরের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগমুহূর্তে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল প্রায় ১০টার দিকে মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের মেরিন কোরের বহরের অংশ ছিল।
ঘাঁটির এক মুখপাত্র জানান, বিমানটি ভূপাতিত হওয়ার আগে পাইলট সফলভাবে ইজেক্ট করেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সামরিক কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পাইলটের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি প্রাণঘাতী নয় এমন কিছু আঘাত পেয়েছেন এবং হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
মেরিন কোর এয়ার স্টেশন মিরামার একসময় মার্কিন নৌবাহিনীর অভিজাত যুদ্ধবিমান চালকদের প্রশিক্ষণ কর্মসূচি ‘টপ গান’-এর প্রধান কেন্দ্র ছিল। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘টপ গান’-এর সুবাদে ঘাঁটিটি বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করে।
যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী, এফ-৩৫বি একটি অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান। এটি স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণের সক্ষমতা রাখে। এই মডেলের প্রতিটি যুদ্ধবিমানের আনুমানিক দাম প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
সূত্রঃ বাসস