
ডেস্ক রিপোর্টঃ
বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগের অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত ও ব্যর্থ পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে প্রকাশ্যে সমর্থন প্রত্যাহার করেছে ওয়েলস। এ সিদ্ধান্ত নেওয়া প্রথম দেশ ওয়েলস।
পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির একটি প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। পরিকল্পনাটিতে সমর্থন জানালে ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে প্রত্যেককে ৪ কোটি ডলার দেওয়ার কথাও বলা হয়েছিল।
তবে তিনটি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত প্রস্তাবটি বাতিল করতে বাধ্য হন ফিফা সভাপতি।
সোমবার ওয়েলসের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ) জানায়, ২০২৭ সালের মার্চে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে তারা ইনফান্তিনোর প্রার্থিতাকে আর সমর্থন করবে না।
এক বিবৃতিতে এফএডব্লিউ জানায়, ২০২৭ থেকে ২০৩১ মেয়াদে ফিফা সভাপতির পদে পুনর্নির্বাচনের জন্য জিয়ান্নি ইনফান্তিনোর প্রার্থিতার প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করা হয়েছে।
সংস্থাটি বলেছে, সুশাসন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ, অংশীজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং যোগাযোগের ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতার কারণে ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা আর নেই।
এফএডব্লিউর মতে, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদে থাকার জন্য যে নেতৃত্ব ও দায়িত্বশীলতা প্রয়োজন, তা প্রদর্শনে ইনফান্তিনো ব্যর্থ হয়েছেন। ফুটবলের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার না দেওয়ার বিষয়টি তারা কোনোভাবেই গ্রহণ করতে পারছে না।
এদিকে, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও ফিফাকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারাও ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতাকে আর সমর্থন করবে না।
ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি শনিবার এক বিবৃতিতে জানায়, তারা ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত। এর আগে উয়েফা জানিয়েছিল, ফিফা সভাপতির নেতৃত্বের ওপর তাদের আর আস্থা নেই।
অন্যদিকে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ ইনফান্তিনোর নেতৃত্ব এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত পর্যালোচনার দাবি জানিয়েছে।
এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) বিষয়টি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সূত্রঃ বাসস