
ডেস্ক রিপোর্টঃ
ইরানে পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একদিনেই ব্যারেলপ্রতি তেলের দাম ৪ ডলারের বেশি কমেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে ইরানের ওপর সম্ভাব্য সামরিক অভিযান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পরিসরের সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল।
তবে ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য একটি চুক্তির প্রাথমিক কাঠামো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে।
ট্রাম্প বলেন, প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে।
তিনি আরও বলেন, বিশ্বের সামগ্রিক কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে হামলা বাতিলের সিদ্ধান্তে সম্মত হয়েছেন। তবে এ জন্য দ্রুত একটি চুক্তি চূড়ান্ত করতে হবে।
ট্রাম্পের ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করলে এবং ইরানি বাহিনী ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ওই সময় ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
সূত্রঃ যুগান্তর