
ডেস্ক রিপোর্টঃ
আগামীকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পরদিন ৬ আগস্ট থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে জাদুঘরের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। এরপর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখবেন। সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিল ও বিভিন্ন স্মারক পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও ঘটনাপ্রবাহ সম্পর্কে অবগত হবেন।
তিনি বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি স্মরণীয় অধ্যায়। এ আন্দোলনের গৌরবময় স্মৃতি সংরক্ষণ, প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা আন্দোলনের বীরত্ব, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে বক্তব্য দেবেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে দেশের খ্যাতিমান শিল্পীরা অংশ নেবেন। দেশাত্মবোধক গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে জাদুঘরের মহাপরিচালক উপস্থিত অতিথি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আমন্ত্রিত ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সংস্কৃতিমন্ত্রী জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত থাকবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।
জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্রঃ বাসস