
ডেস্ক রিপোর্টঃ
বার্সেলোনাসহ ইউরোপের কয়েকটি বড় ক্লাবের আগ্রহ থাকলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে চলতি দলবদল মৌসুমে ছাড়ার কোনো পরিকল্পনা নেই অ্যাথলেটিকো মাদ্রিদের। বিষয়টি স্পষ্ট করেছেন ক্লাবটির কোচ দিয়েগো সিমিওনে।
গত মাসে বার্সেলোনা গোপনে আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা করেছে—এমন অভিযোগ তুলে ফিফার কাছে অভিযোগ করেছিল অ্যাথলেটিকো। এদিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গেও আলভারেজকে নিয়ে আলোচনা চলছে বলে গুঞ্জন রয়েছে। এর আগে জুনে রিয়াল মাদ্রিদের ১৫ কোটি ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল অ্যাথলেটিকো।
সিউলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচের আগে সাংবাদিকদের সিমিওনে বলেন, আলভারেজকে ঘিরে ক্লাবের অবস্থান পরিষ্কার। ক্লাবের পক্ষ থেকে ইতোমধ্যে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং খেলোয়াড়টির উন্নয়নে কাজ চালিয়ে যেতে চান তারা।
সিমিওনের ভাষায়, গত দুই বছরে আলভারেজ অ্যাথলেটিকোর জন্য অসাধারণ অবদান রেখেছেন। তাকে আরও উন্নতি করতে এবং নিজের সেরাটা দিতে সহায়তা করাই এখন তাদের লক্ষ্য।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর ছুটি কাটিয়ে আলভারেজের অ্যাথলেটিকোর স্কোয়াডে যোগ দেওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ চলাকালে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন, সবার জন্য দলবদলই হয়তো ভালো হতে পারে। তবে কোনো নির্দিষ্ট ক্লাবে যাওয়ার ইচ্ছার কথা জানাননি তিনি।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকোতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৪৯ গোল করেছেন আলভারেজ।
ক্লাবের নিজস্ব মিডিয়া চ্যানেলকে অ্যাথলেটিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা গিল মারিন বলেন, আলভারেজকে বিক্রি করার কোনো ইচ্ছা তাদের নেই। ১০ কোটি ইউরোর প্রস্তাব গ্রহণ না করা ক্লাবটি ১৫ কোটি কিংবা ২০ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করবে বলে জানান তিনি।
মারিনের মতে, আলভারেজের জন্য অ্যাথলেটিকোই উপযুক্ত জায়গা এবং দলের মূল ফরোয়ার্ড হিসেবেই তাকে ধরে রাখতে চায় ক্লাব।
দলবদলের গুঞ্জনের পর সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে সিমিওনে ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমানের উদাহরণ দেন। বড় অঙ্কের অর্থের বিনিময়ে বার্সেলোনায় যাওয়ার পর অ্যাথলেটিকোতে ফিরে এসেছিলেন গ্রিজমান। শুরুতে সমর্থকদের একাংশের বিরোধিতা থাকলেও পরে মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের আস্থা অর্জন করেন এবং শেষ পর্যন্ত ক্লাবের কিংবদন্তি হিসেবেই বিদায় নেন।
আলভারেজের ক্ষেত্রেও মাঠের পারফরম্যান্স ও দলের দায়িত্ব পালনের ওপরই গুরুত্ব দিতে চান সিমিওনে। তিনি বলেন, খেলাধুলার দিকটিতে মনোযোগ দেওয়া এবং আলভারেজকে সর্বোচ্চ পর্যায়ে খেলতে সহায়তা করাই তাদের করণীয়।
আগামী ১৯ আগস্ট ঘরের মাঠে সদ্য লা লিগায় উন্নীত মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে অ্যাথলেটিকো মাদ্রিদ। গত মৌসুমে চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে চতুর্থ অবস্থানে থেকে লিগ শেষ করেছিল তারা।
সূত্রঃ বাসস