
নড়িয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ও আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য— “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”।

এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
পরে সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আয়োজকরা জানান, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।