
ডেস্ক রিপোর্টঃ
আগামী ২০ আগস্ট দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, আজ রোববার সকাল ১১টার দিকে তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হতে পারে।
ইসি জানিয়েছে, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা পড়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র পাওয়া যায়। এর মধ্যে একটি মির্জা ফখরুলের এবং দুটি অলি আহমদের পক্ষে জমা হয়েছে।
তিনি জানান, মনোনয়নপত্রগুলো নিয়ম অনুযায়ী সঠিক আছে কি না, তা যাচাই করা হবে। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থেকে প্রার্থীদের স্বাক্ষর যাচাইয়ে সহায়তা করবেন।
ইসি সচিব আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা। আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্রঃ বাসস