
ডেস্ক রিপোর্টঃ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। কর পরিশোধ থেকে অব্যাহতি চেয়ে করা রিটের রুল খারিজ করে আদালত এ সিদ্ধান্ত জানান। একই সঙ্গে তিন অর্থবছরের জন্য গ্রামীণ কল্যাণকে মোট ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।
পরবর্তীতে পুনর্মূল্যায়নের মাধ্যমে ওই পাঁচ করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকা কর দাবির বিষয়ে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট হাইকোর্ট খারিজ করে দেন। বিষয়টির ওপর শুনানি শেষে ২০২৪ সালের ৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ এ রায় দেন। তবে এর পরদিন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
এরপর জানা যায়, গণঅভ্যুত্থানের পর ২৯ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা আদায়ের ওই রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায়টি প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।
নতুন বেঞ্চে শুনানি শেষে বৃহস্পতিবার রিটটি খারিজ করে দেওয়া হয়। ফলে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি অনুযায়ী ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধ করতে হবে।
সূত্রঃ যুগান্তর