
ডেস্ক রিপোর্টঃ
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর তিন মাসের কিছু বেশি সময় বাকি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে নতুন চুক্তি দিতে আগ্রহী হলেও বিষয়টি সহজ হচ্ছে না।
রেডিও লা রেডের অনুষ্ঠান ‘উন বুয়েন মোমেন্তো’-তে সাংবাদিক গুস্তাভো ইয়ারোচ জানিয়েছেন, স্কালোনিকে দায়িত্বে রাখতে এএফএর আগ্রহ রয়েছে। তবে তিনটি কারণে বিশ্বকাপজয়ী এই কোচ নিজেই আর্জেন্টিনা দলের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।
দীর্ঘ আট বছরের ক্লান্তি
স্কালোনির অনিশ্চয়তার প্রথম কারণ মানসিক ও খেলাসংক্রান্ত। সামনে জাতীয় দলকে নতুন করে সাজানো এবং ধীরে ধীরে পরিবর্তন আনার প্রয়োজন হবে। টানা আট বছরের দীর্ঘ ও সফল অধ্যায়ের পর স্কালোনি ভাবছেন, এত বড় একটি প্রকল্প চালিয়ে যাওয়ার মতো আগের সেই শক্তি, আগ্রহ ও অনুপ্রেরণা তার আছে কি না।
কারণ, নতুন এই চক্রে দলকে এগিয়ে নিতে হলে প্রতিদিনই তাকে পূর্ণ মনোযোগ ও শক্তি দিয়ে কাজ করতে হবে।
এএফএর বকেয়া নিয়ে অসন্তোষ
দ্বিতীয় কারণটি মাঠের বাইরের আর্থিক বিষয়। প্রতিবেদন অনুযায়ী, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের বোনাসের একটি বড় অংশ এখনো পরিশোধ করেনি এএফএ।
জাতীয় দলের শিবিরে বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে ২০২১ সাল থেকে একের পর এক সাফল্যের কারণে আর্জেন্টিনা ফুটবলের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে কেন এখনো বড় অঙ্কের বোনাস বকেয়া থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে স্টাফদের মধ্যে।
প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে ক্ষোভ
তৃতীয় কারণ হলো প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নির্বাচন ও লজিস্টিক ব্যবস্থাপনা। বিশ্বকাপের আগে থেকেই স্কালোনি এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। তার চাওয়া ছিল শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলা।
কিন্তু এএফএ বেশিরভাগ সময় তুলনামূলক দুর্বল দলকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে সমন্বয়হীনতার ঘটনাও দেখা গেছে।
চলতি মাসের শেষের ফিফা উইন্ডোর প্রতিপক্ষের নাম সপ্তাহের শুরুতেই ঘোষণা করার কথা ছিল এএফএর। কিন্তু এখন পর্যন্ত সেই ঘোষণা বারবার পিছিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় অস্বস্তির বিষয় হলো, আসন্ন সফরের জন্য যেসব দলকে বিবেচনা করা হচ্ছে, তাদের মানও স্কালোনির প্রত্যাশিত আন্তর্জাতিক মানের তুলনায় অনেকটাই কম।
সূত্রঃ যুগান্তর