
ডেস্ক রিপোর্টঃ
হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তার খোঁজ নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে তিনি আহত কর্মকর্তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের সাহস জোগান এবং সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হাসপাতাল এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়।
এর আগে বুধবার সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নেওয়া হয়।
দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
সূত্রঃ যুগান্তর