
ডেস্ক রিপোর্টঃ
আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, নির্বাচন পরিচালনা ও ভোটগ্রহণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের নিয়ে ১৭ সেপ্টেম্বর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় পাওয়া মতামত ও প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে কমিশন।
ইসি সচিব আরও জানান, সভা শেষে এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হবে। প্রয়োজনীয় ইনপুট পাওয়ার পর কমিশনই তফসিলের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করবে।
ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ-৫২০-এ সভাটি অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মতামত নেওয়া হবে।
সূত্রঃ বাসস