সবার কথা বলে

ফিকির ইনভেস্টরস এক্সপো ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

0 1

ফিকির ইনভেস্টরস এক্সপো ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার আগে তিনি এক্সপো ঘুরে দেখেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন হয়। দেশের কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণকে সামনে রেখেই এ আয়োজন করা হয়েছে।

এক্সপো পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বিনিয়োগ পরিবেশ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

আয়োজকদের মতে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে নিয়মিত সংলাপ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের উদ্দেশ্যেই এ সম্মেলন ও এক্সপোর আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফিকির সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.