
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট,
গর্বিত তাসকিন
ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন দুই ম্যাচের সিরিজকে ঘিরে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট খেলার সুযোগকে তিনি দেশের ক্রিকেটারদের জন্য গর্ব ও সম্মানের বিষয় হিসেবে দেখছেন।
২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের কোনো ক্রিকেটারই বর্তমানে জাতীয় দলে নেই। ফলে নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার এই সুযোগটি বিশেষ বলে মনে করছেন তাসকিন।
ডারউইনে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারাটা তার জন্য সম্মানের। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামাকে বাংলাদেশের সব ক্রিকেটারের জন্য গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।
অস্ট্রেলিয়ায় অবশ্য আগেও খেলেছেন তাসকিন। ২০১২ সালের যুব বিশ্বকাপে দেশটির মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। পরে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা হয়েছে তার।
তবে আগের অভিজ্ঞতা থাকলেও এবারের টেস্ট সিরিজকে সহজ মনে করছেন না তাসকিন। তার মতে, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল হওয়ায় সিরিজটি বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
টেস্ট সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানে ম্যাচটি হারায় টাইগাররা। তবে এই হার মূল সিরিজে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই মনে করেন তাসকিন।
তিনি জানান, ম্যাচের ফল অবশ্যই হতাশাজনক ছিল, কিন্তু এই ধরনের ঘটনা ক্রিকেটে ঘটতেই পারে। বরং স্থানীয় কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচটি কাজে এসেছে। হারলেও ম্যাচটি থেকে দল ভালো প্রস্তুতি পেয়েছে বলে মনে করেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতে হেরেছে এবং ১টিতে জয় পেয়েছে টাইগাররা। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ।
এ ছাড়া গত জুনে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্য থেকে আত্মবিশ্বাস নেওয়ার কথা জানিয়েছেন তাসকিন। তবে ঘরের মাঠ ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের মধ্যে বড় পার্থক্য রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।
আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সূত্রঃ বাসস