ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবিতে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মাসুদ মাহাতাব – সংবাদের পাতা:
নারায়ণগঞ্জে ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা এবং কর্মসংস্থানের নিশ্চয়তাসহ তিন দফা দাবি আদায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জের চাষাড়ায় চিকিচিজ রেস্টুরেন্টে Inland Marine Engineer Welfare Association (IME Unity)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. সফি মনসুর এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মো. রিপন মোল্যা। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট পেশার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাঁদের যোগ্যতা, অভিজ্ঞতা ও সার্ভে সনদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। পাশাপাশি নিয়োগ বৈষম্য ও দীর্ঘদিনের বেকারত্ব এ পেশার প্রকৌশলীদের জন্য বড় সংকট তৈরি করেছে।
এ সময় বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করে দ্রুত গেজেট প্রকাশ, সার্ভে সনদ ও যোগ্যতা অনুযায়ী ভেসেলে নিয়োগ নিশ্চিত করা এবং এ খাতের দীর্ঘদিনের বেকারত্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বক্তারা আরও জানান, ২০২৪ সালের ২২ এপ্রিল আইএমই সার্ভে সনদধারীদের ভেসেলে নিয়োগের বিষয়ে ডিজি শিপিং থেকে প্রজ্ঞাপন জারি করা হলেও বাস্তবে এর যথাযথ বাস্তবায়ন হয়নি। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক প্রকৌশলী প্রত্যাশিত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
সভায় বক্তারা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, নৌপরিবহন অধিদপ্তর ও ভেসেল মালিকদের প্রতি তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তাঁরা বলেন, ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা শুধু তাঁদের ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়, বরং দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতের নিরাপত্তা, দক্ষতা ও আধুনিকায়নের জন্যও গুরুত্বপূর্ণ।
সভায় ইঞ্জিনিয়ার আকরামুল হান্নান সিরাজী, ইঞ্জিনিয়ার মো. আফজাল হোসেন, ইঞ্জিনিয়ার মো. মিন্টু মৃধা, ইঞ্জিনিয়ার মোল্লা জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মো. ফরিদ, ইঞ্জিনিয়ার আল আমিন ফকির, ইঞ্জিনিয়ার এহসানুল হক রবিন, ইঞ্জিনিয়ার জাহিদুর ইসলাম, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন ও ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভা থেকে ঐক্যবদ্ধ আন্দোলন ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইনল্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় ‘একসঙ্গে এগিয়ে যাই, শক্তিশালী হোক IME Unity’ স্লোগানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
মাসুদ মাহাতাব 

