
রাজশাহীর ফুটপাতে রকমারি ইফতারের দোকান।
মোঃ গোলাম কিবরিয়া – রাজশাহী :
বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমযান। আর রমযান মানেই ইফতারের নানা আয়োজন। সাহেব বাজার এলাকায় জমে উঠেছে রকমারি ইফতারের দোকান।
দুপুর থেকেই চলছে ইফতার সামগ্রী প্রস্তুতের ব্যস্ততা। পিয়াজি, চপ, জিলাপি, বেগুনি, হালিম, রসুনের চপ, তেহারি ও বিরিয়ানির সমারোহ—সব মিলিয়ে যেন স্বাদের এক উৎসব।
টেবিল জুড়ে সাজানো নানা পদের ইফতার। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতাদের ভিড়। পরিবারের সঙ্গে ইফতার করবেন বলে অনেকেই দোকান থেকে কিনে নিচ্ছেন পছন্দের খাবার।
আবার কেউ কেউ দোকানেই বসে করছেন ইফতার। দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে একসাথে ইফতার করার দৃশ্য যেন এক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
সব মিলিয়ে পবিত্র রমযানে রাজশাহীর সাহেব বাজার এলাকায় ফুটপাতে বসা ইফতারের দোকানগুলো যেন সৃষ্টি করেছে এক উৎসবমুখর পরিবেশ।