সবার কথা বলে

খুলনার ৮ ওয়ার্ডে ৪০৩ পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ

0 0

খুলনার ৮ ওয়ার্ডে ৪০৩ পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ

ডেস্ক রিপোর্টঃ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আটটি ওয়ার্ডের ৪০৩টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ২৫ নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টারে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মা ও শিশুদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মায়েদের নিয়মিত পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করা প্রয়োজন। কারণ মা সুস্থ থাকলে শিশুর স্বাস্থ্যও ভালো থাকে এবং মা ও শিশু উভয়ের সুরক্ষা নিশ্চিত হয়।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অর্থায়নে এবং খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ (এলএসইউপিসিবি)’ প্রকল্পের আওতায় এ খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় নগরীর ১০, ১১, ১২, ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের ২৬৮টি পরিবার এবং ১৮, ২০ ও ২৫ নম্বর ওয়ার্ডের আরও ১৩৫টি পরিবার পুষ্টিকর খাদ্যসামগ্রী পায়।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি নিয়মিত হাত ধোয়া এবং নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বাড়ছে। মশাবাহিত এসব রোগ থেকে সুরক্ষিত থাকতে বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি শিশুদের মশার কামড় থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির ১৫ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. ইমরুল হাসান টিটো এবং ২৫ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম, হাবিবুর রহমান বিশ্বাস, ফারুক হিল্টন, শামসুর রহমান ও আব্দুর রহমান ডিনু। এছাড়া কমিউনিটি ভলান্টিয়ার রাজিয়া সুলতানা, সুরাইয়া খান, জেসমিন নাহার, কেয়া সুলতানা, লিপি আক্তার ও রেশমা খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রকল্পের সিনিয়র কমিউনিটি ভলান্টিয়ার শিউলি মোর্শেদা অনুষ্ঠান পরিচালনা করেন।

এর আগে সকালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি বসুপাড়া এতিমখানা মোড়, বানরগাতি মোড়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এলাকা, হাজী ইসমাইল রোড ও সংলগ্ন লিংক রোড, শতরূপার মোড়, বকুল বাগান এবং বানরগাতি খ্রিস্টানপাড়া এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, বুলবুল হোসেন, অহিদুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বয়রা শ্মশানঘাট ব্রিজসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক। বিশ্ব বন্ধু দিবস-২০২৬ উপলক্ষে খুলনা ফ্রেন্ডশিপ ক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংগঠনটি এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ সময় ক্লাবের সভাপতি শ্যামল কুমার রায়, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ভূঁইয়া, সমাজসেবক শেখ জামিরুল ইসলাম জামিল, বুলবুল হোসেন ও অহিদুজ্জামান খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.