
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার শিশুর মৃ/ত্যু
ডেস্ক রিপোর্টঃ
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নিশ্চিত হামে এবং অপর দুইজন হামের উপসর্গে মারা গেছে। মৃত চার শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭৭ জন। আর ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনে।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।
সূত্রঃ বাসস