সবার কথা বলে

বাঁধ ও সড়ক রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের পরিকল্পনা

0 0

বাঁধ ও সড়ক রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের পরিকল্পনা

ডেস্ক রিপোর্টঃ

সড়ক ও বাঁধের ভাঙন এবং মাটির ক্ষয় রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাস ব্যবহারের একটি প্রস্তাব তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে ঘাসটির বিভিন্ন সুবিধা এবং সড়ক ও বাঁধ নির্মাণে এর সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা হয়।

কোন কোন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহার করা যেতে পারে, তা যাচাই করতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলামও থাকবেন।

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিন্না ঘাস ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভেটিভার নামেও পরিচিত এই ঘাসের শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে শক্তভাবে আটকে রাখে। এ কারণে ভূমিক্ষয় ও বাঁধের পাড় রক্ষায় এটি কার্যকর বলে বিবেচিত হয়। প্রচণ্ড গরম, ঠান্ডা, পানিতে দীর্ঘসময় ডুবে থাকা এবং লবণাক্ত পরিবেশেও বিন্না ঘাস টিকে থাকতে পারে।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.