সবার কথা বলে

বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বিত কাঠামোর নির্দেশ

0 4

বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমে সমন্বিত কাঠামোর নির্দেশ

ডেস্ক রিপোর্টঃ

দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সিলেবাস অনুসরণ করে প্রশিক্ষণ দেওয়া এবং অভিন্ন পদ্ধতিতে সনদ প্রদানের ব্যবস্থার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আন্তর্জাতিক মানের অভিন্ন প্রশিক্ষণ ও সনদায়ন ব্যবস্থা চালু হলে তরুণদের দক্ষতা বাড়ার পাশাপাশি দেশ-বিদেশের শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতিও বৃদ্ধি পাবে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি জানিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের প্রয়োজন বিবেচনায় দক্ষ জনশক্তি তৈরিতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের চাহিদা বাড়ানোর ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

তিনি বলেন, দেশের তরুণদের দক্ষ করে তোলা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এরই মধ্যে নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। তবে এসব উদ্যোগের মধ্যে পর্যাপ্ত সমন্বয় না থাকায় অনেক ক্ষেত্রে প্রশিক্ষণ ও সনদ প্রত্যাশিত কার্যকারিতা অর্জন করতে পারছে না। ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব সনদের যথাযথ স্বীকৃতি মিলছে না এবং তরুণরাও কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রধানমন্ত্রী এনএসডিএর গভর্নিং বডিকে দ্রুত একটি ছোট কমিটি গঠন করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন। এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচিকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে নিয়ে আসার কথা বলেন তিনি।

এ সময় সব প্রশিক্ষণ কার্যক্রমে অভিন্ন সিলেবাস অনুসরণ এবং একই ধরনের সনদ প্রদানের ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

সভায় এনএসডিএর প্রশাসনিক কাঠামো, জনবল ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। পাশাপাশি জাতীয় দক্ষতা উন্নয়নসংক্রান্ত নীতি ও কৌশলপত্র, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি, বিভিন্ন খাতে দক্ষতার প্রয়োজনীয়তা বিশ্লেষণ এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া প্রশিক্ষণের মান উন্নয়ন, সনদায়ন এবং বিভিন্ন সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়ও সভায় গুরুত্ব পায়।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.