
স্ত্রী, সন্তান ও মা মাছের মধ্যে কোনো পার্থক্য নেই: এমপি কিরন
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে নড়িয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাউয়ুম খান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ সম্পদ রক্ষায় জেলেদের সচেতনতার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ ধরনের সহায়তা জেলেদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কিরন বলেন, মা মাছ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জেলেদের উদ্দেশে বলেন, মা মাছ রক্ষা করা গেলে তা থেকে অসংখ্য মাছ জন্ম নেবে এবং দেশের জলাশয় মাছের সমৃদ্ধিতে ভরে উঠবে। এমপি কিরন বলেন, স্ত্রী, সন্তান ও মা মাছের মধ্যে কোনো পার্থক্য নেই, নিজের স্ত্রী, সন্তান আর মা মাছের মধ্যে মিল খুঁজুন। দেখবেন এতে হাজার হাজার মা মাছ বেঁচে গিয়ে আমাদের দেশটা মাছে মাছে ভরে উঠবে।
তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।