
চট্টগ্রামের বন্যাদুর্গতদের সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। তাদের সহায়তায় ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগও শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, রান্না করা খাবার এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বন্যায় চট্টগ্রামের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং কয়েকটি স্থানে সংস্কারকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা হন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের আরও কয়েকটি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।
সূএঃ যুগান্তর