
আধুনিক প্রযুক্তিতে সংসদের সাউন্ড সিস্টেমবদলের উদ্যোগ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চ পর্যায়ের সভা
ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকে সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থা স্থাপনের বিভিন্ন বিকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত সমাধান, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়নের রূপরেখা উপস্থাপন করে।
সভায় নতুন সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি উপস্থিত সদস্যরা এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস