
যথাসময়েই হবে রাষ্ট্রপতি নির্বাচন, জানালে মির্জা ফখরুল
ডেস্ক রিপোর্টঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
সোমবার রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। চলতি বছরের শেষ নাগাদ না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কৃষিকে আরও লাভজনক করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটি একাধিকবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে। বিএনপিকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এমন মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এর আগে তিনি বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিল্পকলা একাডেমিতে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস