
হাজারো ভক্তকে ধন্যবাদ জানিয়ে নিজ শহর ছাড়লেন স্কালোনি
ডেস্ক রিপোর্টঃ
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে কয়েকদিন কাটিয়ে বিদায় নিয়েছেন। বিদায়ের আগে তিনি বাবা-মায়ের বাড়ির দরজায় একটি হাতে লেখা বার্তা রেখে যান, যা পরে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়।
বার্তায় স্কালোনি লিখেছিলেন, “লিও গত রাতে চলে গেছে। এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।” মূলত শেষবারের মতো দেখা করতে আসা ভক্তদের উদ্দেশেই তিনি এ বার্তা রেখে যান।
মাত্র তিন হাজার বাসিন্দার ছোট্ট শহর পুজাতোতে স্কালোনির উপস্থিতি উৎসবের আবহ তৈরি করে। প্রতিদিন শত শত সমর্থক তার সঙ্গে দেখা করতে, ছবি তুলতে এবং শুভেচ্ছা জানাতে ভিড় করেন।
নিজ শহরে অবস্থানকালে স্কালোনি পুরোনো দিনের মতো সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি তিনি আলুমনি দে কাসিলদা ক্লাবে গিয়ে স্থানীয় কাসিলদা লিগের একটি ম্যাচও উপভোগ করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিপক্ষ স্পোর্তিভো মাতিয়েনসো ক্লাবেই ফুটবল জীবনের প্রথম যাত্রা শুরু হয়েছিল তার।
এ সময় এক শিশুভক্তের দেওয়া বিশেষ উপহারও সবার নজর কাড়ে। শিশুটি ‘লা স্কালোনেতা’র একটি ক্ষুদ্র প্রতিরূপ এবং একটি প্রতীকী চুক্তিপত্র উপহার দেয়, যেখানে লেখা ছিল, “এবার তোমার পালা, চিকি।” আবেগঘন এই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সূত্রঃ চ্যানেল ২৪