
প্রায় তিন দশক পর নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’
ডেস্ক রিপোর্টঃ
প্রয়াত প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউনটি আবারও নিলামে উঠতে যাচ্ছে। বিশ্বজুড়ে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিত ঐতিহাসিক এই পোশাকটির সম্ভাব্য দাম ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার।
আত্মবিশ্বাস, সাহস এবং স্বাধীনচেতা মানসিকতার প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে পোশাকটি আলোচিত হয়ে আসছে। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানি গাউনটি তৈরি করেন। ১৯৯৪ সালে ভ্যানিটি ফেয়ারের একটি অনুষ্ঠানে কালো অফ-দ্য-শোল্ডার সিল্কের এই পোশাক পরেছিলেন ডায়ানা।
ঘটনাবহুল সেই রাতেই ডায়ানার সাবেক স্বামী ও তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস প্রকাশ্যে তার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এর পর থেকেই ডায়ানার সাহসী পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ হিসেবে পরিচিতি পেতে শুরু করে।
আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে সোথবির বিশেষ ফ্যাশন নিলামে গাউনটি বিক্রির জন্য তোলা হবে। প্রিন্সেস ডায়ানাকে কেন্দ্র করে আয়োজিত বিশেষ এই নিলামে পোশাকটি অন্যতম আকর্ষণ হিসেবে স্থান পাচ্ছে।
নিলাম প্রতিষ্ঠান সোথবির ভাষ্য, ‘রিভেঞ্জ ড্রেস’ বিংশ শতাব্দীর সবচেয়ে স্মরণীয় ও আলোচিত ফ্যাশন মুহূর্তগুলোর একটি। পোশাকটি পরা ডায়ানার ছবি পরবর্তীতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে অসংখ্যবার প্রকাশিত হয়।
সোথবি আরও জানিয়েছে, বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ আসার অনেক আগেই ডায়ানার ওই উপস্থিতি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তারকা ব্যক্তিত্বদের ছবি মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হওয়ার আগেই গাড়ি থেকে ওই পোশাকে ডায়ানার নেমে আসার দৃশ্যটি এমন আলোচিত হয়েছিল, যা বর্তমান সময়ে হলে সহজেই ‘ভাইরাল ফ্যাশন মোমেন্ট’ বলা যেত।
নিউইয়র্কের নিলামে তোলার আগে ঐতিহাসিক গাউনটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে বলে জানিয়েছে ফ্যাশন ম্যাগাজিন ভোগ।
সূত্রঃ যুগান্তর