সবার কথা বলে

ঢাকা-১৭ এর মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

0 2

ঢাকা-১৭ এর মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ডেস্ক রিপোর্টঃ

নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কয়েকটি মন্দিরেও দেওয়া হয়েছে এই অনুদান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানির সংকট বর্তমানে বৈশ্বিক সমস্যা, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। সংকট কাটাতে সরকার বিভিন্নভাবে কাজ করছে। পাশাপাশি দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অবৈধ ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অতীতে রাষ্ট্রের সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এমন সুযোগ কাউকে দেওয়া হবে না।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতেই এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.