
ইবির শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধনে আগামী মাসে আসছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে আগামী মাসে কুষ্টিয়া সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে আসার সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন উপাচার্য। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফরের কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হলটি উদ্বোধনের জন্য তাকে অনুরোধ করা হলে প্রধানমন্ত্রী এতে সম্মতি দেন। ফলে আগামী মাসে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন বলে আশা করছেন তিনি।
এ সময় উপাচার্য তার লেখা কয়েকটি বই প্রধানমন্ত্রীকে সৌজন্য উপহার দেন। জবাবে প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন সম্ভাবনাময় উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
সূত্রঃ যুগান্তর