
কিশোরগঞ্জ সফর ঘিরে প্রস্তুতি জোরদার, কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। সফরকালে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হয়। এ অঞ্চলের মৎস্য খাতের সম্ভাবনা, উদ্যোক্তা এবং খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কিশোরগঞ্জের কটিয়াদীকে উদ্বোধনী অনুষ্ঠানের স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে।
তিনি জানান, এতদিন জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলেও এবার প্রধানমন্ত্রী উৎপাদনসমৃদ্ধ একটি এলাকায় আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। বিভিন্ন জেলা পর্যালোচনা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে কটিয়াদীকেই চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর এবং ঢাকার বাইরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনেরও প্রথম আয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ আয়োজন কেবল একটি সরকারি অনুষ্ঠান নয়, বরং কিশোরগঞ্জের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উপলক্ষ। এতে জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। অনুষ্ঠানস্থল নির্ধারণে একাধিক স্থান পরিদর্শনের পর জাতীয় স্বার্থ বিবেচনায় একটি ভেন্যু প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
তিনি জানান, জাতীয় মৎস্য পক্ষের মূল উদ্দেশ্য হলো মৎস্য উৎপাদন বৃদ্ধি, শিল্পের উন্নয়ন এবং খামারিদের উৎসাহিত করা। এ কর্মসূচি সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, কটিয়াদীতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদরেও পৃথক কর্মসূচিতে যোগ দেবেন। সভায় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্যরা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ বাসস