সবার কথা বলে

শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

0 0

শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং সরকার ও সেনাবাহিনী সবসময় তাঁদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। দেশের জন্য তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকাহত পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, এই কঠিন সময়ে সরকার তাঁদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শহীদ সেনাসদস্যদের পরিবারের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দেখভালের দায়িত্বও সরকার পালন করবে বলে জানান তিনি।

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার। অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.