সবার কথা বলে

ড্রোনে করে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

0 6

ড্রোনে করে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা মাদক পাচারের পরিকল্পনা করছে। এরপর ড্রোনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এসব মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাদক এখন আর শুধু খুলনার সমস্যা নয়, এটি সারা দেশের জন্যই উদ্বেগের বিষয়। এ কারণে দেশজুড়ে ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

সন্ত্রাস দমন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার ক্রসফায়ারের পথে যাবে না। মানবাধিকার নিশ্চিত করেই সন্ত্রাস দমন করা হবে। প্রয়োজনে প্রচলিত আইন আরও কঠোর ও কার্যকর করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। রাষ্ট্র ব্যবস্থায় যে পচন ধরেছে, তা সারিয়ে তোলার চেষ্টা চলছে। এরই মধ্যে ছয় মাসে কিছু সাংস্কৃতিক পরিবর্তন আনা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নেও কাজ চলছে।

খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.