
মালয়েশিয়াকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি
ডেস্ক রিপোর্টঃ
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৭ বল খেলে কোনো রান না করেই ফেরেন ওপেনার জিসান আলম। এরপর জাওয়াদ আবরার দ্রুত রান তুললেও ১৮ বলে ২৮ রানে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছক্কা। পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে এইচপি।
এরপর আরিফুল ইসলাম ১৫, সাব্বির রহমান ১৪ ও প্রিতম কুমার ৪ রানে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। ১০ ওভার শেষে ৫ উইকেটে ৭৫ রান ছিল তাদের।
সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন অধিনায়ক মেহরব হাসান ও আবদুল গাফফার সাকলাইন। ষষ্ঠ উইকেটে দুজনের ৫২ রানের জুটিতে লড়াই করার মতো সংগ্রহ পায় এইচপি। শেষদিকে দ্রুত ৫ উইকেট হারালেও ২০ ওভারে অলআউট হওয়ার আগে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ব্যাট হাতে অধিনায়ক মেহরব ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। সাকলাইন করেন ২৬ বলে ৩২ রান।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে মালয়েশিয়া। মাত্র ৪১ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন আহমেদ আকিল ওয়াহেদ। মোহাম্মদ আমির ১৫ এবং বিজয় উন্নি করেন ১৪ রান।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ রুবেল ও রকিবুল হাসান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন আবু হায়দার, আবদুল গাফফার সাকলাইন, মেহরব হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
ব্যাট হাতে ৪০ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশ এইচপি অধিনায়ক মেহরব হাসান।
এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ১০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
সূত্রঃ বাসস