সবার কথা বলে

গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

0 0

গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

গুম-খুনের শিকার ব্যক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমের হাতেও নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীর বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন এবং জুলাইয়ের আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তারা গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.